24 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায় ট্রাম্প

জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায় ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক :ইরানের জ্বালানি তেল এবং দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ  কথা জানান।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন এখন ইরানের তেলের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় এবং এই লক্ষ্য অর্জনে খারগ দ্বীপে মার্কিন বাহিনীর অবস্থান নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই কৌশলকে তিনি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার ওপর প্রযুক্ত মার্কিন নীতির সঙ্গে তুলনা করেছেন, যেখানে চলতি বছরের জানুয়ারিতে সামরিক অভিযানের মাধ্যমে দেশটির জ্বালানি খাতের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত সরাসরি ভাষায় বলেন, ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়াই এখন তার সবচেয়ে পছন্দের কাজ। তিনি এই পদক্ষেপের সমালোচনা করা ব্যক্তিদের ‘বোকা’ হিসেবে অভিহিত করে নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসে মার্কিন বাহিনী। সেই সময় থেকেই ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের তদারকিতে থাকা তেলের খনিগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ওয়াশিংটন।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ যেখান থেকে পরিচালিত হয়, সেই খারগ দ্বীপ দখল করা সম্ভব হলে তেহরান অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু হয়ে পড়বে। তবে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ