28 C
আবহাওয়া
৬:৩০ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী


বিএনএ ডেস্ক: ১/১১ এর আলোচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় করা মানবপাচার মামলায় ফের ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন  আদালত।

রোববার (২৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. রায়হানুর রহমান।

এর আগে গত সোমবার (২৩ মার্চ) গভীর রাতে ডিবির একটি বিশেষ দল রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এবং ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আগের ৫ দিনের রিমান্ডে কিছু তথ্য পাওয়া গেলেও  গুরুত্বপূর্ণ বিষয় আসামি এড়িয়ে গেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে পূনরায় ৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট বিদেশে শ্রমবাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে রাখে। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ৭৯ হাজার ৪৯০ টাকা হলেও, এই চক্র প্রতি শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত দেড় লাখ টাকা আদায় করত।

বিদেশে শ্রমিক পাঠানোর পর তাদের আটকে রাখা, কাজ না দেওয়া এবং বেতন না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। অনেক শ্রমিক মানবেতর পরিস্থিতিতে শ্রম শোষণের শিকার হয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, এই চক্র বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছ থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা চাঁদা আদায় করেছে।

উল্লেখ্য, সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন আফিয়া ওভারসিজের প্রোপাইটর আলতাব খান।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ