বিএনএ, ডেস্ক : ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শ্বশুরবাড়ি কৈলাস (স্বর্গলোক) থেকে কন্যারূপে দেবী দুর্গা আসছেন বাপের বাড়ি এই মর্ত্যলোকে। এবার দেবী দুর্গা আসছেন গজে (হাতি) করে এবং বিদায় নেবেন দোলায় (পালকি) চড়ে।
পুরাণে বলা আছে, অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোকচ্যুত হন। এই অশুভ শক্তির বিনাশে একত্রিত হন দেবতারা এবং তাঁদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হন এক মহাশক্তি—অসুরবিনাশী দেবী দুর্গা। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১টি। সেই হিসাবে এবার ১ হাজার ৮৯৪টি পূজা বেশি হচ্ছে। এ ছাড়া এবার ঢাকা মহানগরে ২৫৯টি পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি।
বিএনএ/ ওজি
![]()

