বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের এক উপদেষ্টা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অর্থহীন। ট্রাম্পের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ইরানের ওপর কোনো শর্ত আরোপ করতে পারে না ওয়াশিংটন।
মার্কিন নৌ অবরোধ এবং স্থবির আলোচনা নিয়ে বিরোধ অব্যাহত থাকায় তিনি এমন মন্তব্যটি করলেন।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘যেহেতু ইরান সরকার গুরুতরভাবে বিভক্ত, তাই তেহরানের তরফ থেকে একটি সমন্বিত প্রস্তাব না আসা পর্যন্ত আমাদেরকে ইরানের ওপর হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।’
বিএনএ/ওজি
![]()

