বিএনএ, সিলেট: বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু হয়েছে সিলেটে।
বিএনপির এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তারেক রহমানের আগমনে সিলেটের আজকের সকালটা হয়ে উঠেছে অন্যরকম। এরই মধ্যে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্রথম নির্বাচনি জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের বাহিরেও আসছেন জোটের সমর্থকেরা। তাঁরাও স্লোগানে স্লোগানে স্বাগত জানাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে তারেক রহমান নিজেও সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
বিএনএ/শাম্মী
![]()

