31 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - মে ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৭। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫১টি সিমকার্ড, সাতটি ২৫৬ পোর্টের সিমবক্স, একটি ৫১২ পোর্টের সিমবক্স, তিনটি রাউটার, তিনটি পাওয়ার অ্যাডাপটার, দুটি মাইক্রোনেট সুইচ, একটি টিপি-লিংক সুইচ, একটি ডিজিটাল হোম ইউপিএস, একটি ব্যাটারি এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি।

আজ বুধবার (২০ মে) র‍্যাব-৭ চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম ) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হালিশহর আবাসিক এলাকার ২৪ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে জিয়াবুল হক নামের এক ব্যক্তি অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছিলেন। পরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে র‍্যাব-৭ এর একটি দল বিটিআরসি ও এনটিএমসির কারিগরি সহায়তায় ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ফ্ল্যাটটিতে প্রবেশের সময় সেটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, অভিযুক্ত জিয়াবুল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে সফটওয়্যারভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে আন্তর্জাতিক কল রাউটিংয়ের মাধ্যমে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

বিএনএ/শাম্মী

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ