বিএনএ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ মে) সান ডিয়েগোর ক্লেয়ারমন্ট এলাকার ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে এ হামলার ঘটনা ঘটে। ইসলামিক সেন্টারটিতে একটি মসজিদ ও ইসলামিক স্কুল রয়েছে।
সান ডিয়েগো পুলিশের প্রধান স্কট ওয়াল জানান, হামলায় জড়িত দুই বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। সন্দেহভাজন দুই হামলাকারীর বয়স ১৭ ও ১৯ বছর।
পুলিশ প্রধান বলেন, ঘটনাস্থল একটি ইসলামিক সেন্টার হওয়ায় আমরা এটিকে হেট ক্রাইম হিসেবে বিবেচনা করছি, যতক্ষণ না ভিন্ন কিছু প্রমাণিত হচ্ছে।কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তিনজনই প্রাপ্তবয়স্ক। ইসলামিক স্কুলের কোনো শিশু শারীরিকভাবে আহত হয়নি।
সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, এই শহরে ঘৃণার কোনো স্থান নেই। তিনি মুসলিম সম্প্রদায়কে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
এ দিকে হামলার পর নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) শহরের বিভিন্ন মসজিদে নিরাপত্তা জোরদার করেছে। যদিও নিউইয়র্কে সরাসরি কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি, তবুও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিএনএ/ওজি
![]()

