বিএনএ ডেস্ক: আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনের অবসান হচ্ছে।
আজ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
দায়িত্ব গ্রহণের সময় বিএনপি সরকারের কাঁধে চাপতে যাচ্ছে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনীতির এ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকায়। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে সরকার ব্যাংকিং উৎস থেকে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা নিয়েছে। এ সময়ে এসেছে ১০৭ কোটি ৪০ লাখ ডলারের নিট বৈদেশিক ঋণ। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ১০৩ কোটি টাকায়। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার দেশি-বিদেশি উৎস থেকে ৭৪ হাজার ২৫১ কোটি টাকার ঋণ নিয়েছে। সব মিলিয়ে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকা।
বিএনএ/শাম্মী
![]()

