বিএনএ, সিলেট: সিলেটের ওসমানীনগরে তিনটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর মাদরাসার সামনে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস সকাল সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। এতে এনা ও শ্যামলী পরিবহনের বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১২ জন আহত হন।
খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিএনএ/ ওজি
![]()

