বিএনএ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
নির্বাচন কমিশনার ড. অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘আমাদের সব কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং কঠোর নিরাপত্তায় ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফল ঘোষণা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।’
সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন।
এবার রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
বিএনএ/শাম্মী
![]()

