বিএনএ, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। আটক হয়েছেন একজন। সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর ও আরিছপুর গ্রামের লোকজনের মধ্যে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই গ্রামের মধ্যবর্তী একটি কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এরপর আবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় ডুবাই বাজার এলাকায় দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭) গুরুতর আহত হন। সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আহত হেলাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুপুরের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পর উভয় পক্ষের থানায় এসে বিষয়টি সমাধানের কথা থাকলেও পরবর্তীতে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিএনএ/ওজি
![]()

