32.2 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা দাখিলের নির্দেশ

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা দাখিলের নির্দেশ


বিএনএ, ঢাকা: বন্দি মায়েদের সঙ্গে সারাদেশের কারাগারগুলোতে কতজন শিশু রয়েছে, তাদের বয়সসহ একটি পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে এই প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৫ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুন নাহার মাহমুদ দীপা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন।

আদালত তার রুলে—কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের প্রয়োজনীয় কল্যাণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সমাজকল্যাণ সচিব এবং আইজি প্রিজন্সকে (কারা মহাপরিদর্শক) আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৯ জুন একটি জাতীয় দৈনিকে ‘কারাগারে বিপন্ন শৈশব’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছিল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ