বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়ায় কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আবু আহমেদ (৩৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৪ মার্চ) রাত ২টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কনট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু আহমেদ পূর্ব পাঠাননগর গ্রামের আবুল কাসেমের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আলাউদ্দিন সুজন (৩০) এবং নিহতের বড় ভাই নুরুল আলম কালা (৪০)। গুরুতর আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নুরুল আলম কালা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আলাউদ্দিন রোববার (১৫ মার্চ) জানান, তিনি পাঠাননগর ইউনিয়ন যুবদলের সদস্য। নিহত আবু আহমেদ তার চাচাতো ভাই। তিনি মাটি ব্যাবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং শ্রমিকের কাজ করতেন। পাঠাননগর ইউনিয়ন যুবদলের নুর আহমদ মিয়া শনিবার রাতে এক ব্যক্তির কাছ থেকে মাটি কিনে পিকআপভ্যানে অন্যত্র বিক্রি করছিলেন। আবু আহমেদ তখন গাড়ির টোকেন ম্যানের দায়িত্বে ছিলেন।
আহত আলাউদ্দিন বলেন, কামরুল হাসান জাহিদ তার কয়েকজন সহযোগীর সঙ্গে কনট্রাক্টর মসজিদ এলাকায় এসে মাটি কাটায় বাধা দেন এবং দুটি পিকআপ ভ্যান আটক করে ফেসবুকে লাইভ করেন। আবু আহমেদের সঙ্গে তাদের তর্কে উত্তেজনা বাড়ে। পরে আবু আহমেদকে লাথি ও কিল-ঘুসি মারতে শুরু করেন। তাকে বাঁচাতে গিয়ে আমি আহত হই।
স্থানীয়রা উদ্ধার করে হতাহতদের ফেনী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে আনার আগেই আবু আহমেদ মারা যান। মরদেহ মর্গে রাখা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় হামলায় জড়িত সন্দেহে ছাত্রদল কর্মীসহ সাতজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং বিস্তারিত তদন্তের পর জানানো হবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

