বিএনএ, ঢাকা : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে পারবো। ইতিমধ্যে সব বই আমরা হাতে পেয়ে গেছি। নির্বাচনে প্রাথমিক বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হওয়ায় এখানে পুড়িয়ে দেওয়ার ঘটনা রোধে নিরাপত্তার জন্য প্রস্তুতি রয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর, নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা।
উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘শিক্ষক হওয়ার আগেই কোর্স চালু করা হয়েছে। আমাদের দেশে এই বিষয়টি ছিলো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা শিক্ষার ব্যাপারে আগ্রহী এবং শিক্ষক হতে চান তারা ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) এই কোর্সটি করবেন। তাতে তারা পেশাগত ক্ষেত্রে ভালো করবেন। এতে আমরা কিছু কমিটেড মানুষ পাব। যারা শিক্ষাটাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। এতে শিক্ষকতার ক্ষেত্রে তারা ভালো করবেন এবং শিক্ষা ক্ষেত্রে সামগ্রীকভাবে ইতিবাচক ফল পাওয়া যাবে।’
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও ১১ তম গ্রেড নিয়ে উপদেষ্টা বলেন, ‘বেতন কমিশন রয়েছে তারা এটি নির্ধারণ করবে। আমরা আমাদের অবস্থান গুলো সেখানে পৌঁছে দিয়েছি। সিদ্ধান্তের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলেছি যেন এটি কার্যকর করা হয়। আশা করতে পারি এটি বাস্তবায়ন হবে।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষা রেখে আন্দোলন করাটা যুক্তিযুক্ত হয়নি। আমরা তাদের দাবিকে অযৌক্তিক বলছি না। আমরা বলছিলাম কার্যকর করার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু শিক্ষকেরা পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে আন্দোলন প্রত্যাহার করেছে। আন্দোলনের কারণে বাচ্চাদের মন খারাপ হয়েছে। কিন্তু এটি পুষিয়ে যাবে, কারণ আমরা তো আবার পরীক্ষাটা নিচ্ছি।’
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

