34.4 C
আবহাওয়া
৫:২৭ অপরাহ্ণ - জুন ১৩, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা


বিএনএ, রাউজান: চট্টগ্রামের রাউজানে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়।

নিহত ব্যক্তির নাম মাসুদ উল হক চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তার বড় ভাই স্বপন চৌধুরী বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

রাউজান পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম জানান, নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলে) বেলায়েত হোসেন গনমাধ্যমকে বলেন, ‘পাহাড়তলী চৌমুহনী বাজারে মাসুদ নামে এক ব্যক্তিকে কে বা কারা গুলি করে হত্যা করে পালিয়ে গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

হত্যাকাণ্ডের খবরে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ লোকজন এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে মিছিল করছে। এ ছাড়াও চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী অংশে অবরোধ করে বিক্ষোভ করছেন।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ