30.9 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - জুলাই ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবিলায় তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবিলায় তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত


বিএনএ ডেস্ক: চট্টগ্রাম ও পার্বত্য তিন জেলায় সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ, পুনর্বাসন কার্যক্রম এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কাজ সমন্বয় ও তদারকির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গতকাল শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বন্যাকবলিত এলাকায় সরকারি সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয় ও তদারকি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী  বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রীর অবস্থা এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন। একই সঙ্গে এ কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করতে পরামর্শ দেবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও পার্বত্য জেলাগুলোর বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত পাঁচ দিনে শুধু বৃহত্তর চট্টগ্রামেই পাহাড়ধস, দেওয়াল ধস এবং পানিতে ডুবে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ