বিএনএ ডেস্ক: লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। একই সঙ্গে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী দীপালির মৃত্যুর নিন্দাও জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা অঞ্চলে চলমান শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক মিস দীপালির মৃত্যুর ঘটনাতেও গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহত দীপালির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুকূল হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার।
উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় মিস দীপালি নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হন। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।
বিএনএ/শাম্মী
![]()

