34.3 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত আটক

চট্টগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত আটক


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম (৫৬) নামের এক ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত নয়টার দিকে মইজ্জ্যারটেক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. দিদারুল আলম চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত আবু তৈয়বকে (৪৫) পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে মনিহারি দোকানের মালিক দিদারুল আলমের সঙ্গে তার এলাকার আবু তৈয়ব নামের একজনের ব্যবসায়িক লেনদেন ছিল। শুক্রবার রাত ১০টার দিকে আবু তৈয়বের সঙ্গে মইজ্জারটেক এলাকায় দিদারের দেখা হয়। ওই সময় দুজন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুজন মারামারিতে জড়ালে দিদার আহত হন। এ সময় ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে দিদারকে আহত করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘শুনেছি দিদারের সঙ্গে আবু তৈয়ব নামের একজনের লেনদেন ছিল। এর জের ধরে দুজনের মধ্যে মারামারির ঘটনায় দিদার আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে দিদার মারা যান। অভিযুক্ত আবু তৈয়বকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ