বিএনএ, কক্সবাজার : টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় গত পাঁচ দিনে বন্যা ও পাহাড়ধস–সংক্রান্ত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকায় এবং একই দিন সকালে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের চরপাড়া এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো চকরিয়ার মাইজ কাকারা এলাকার সোলতান আহমদের দুই বছর বয়সী ছেলে ওয়াকিম এবং মাতামুহুরীর চরপাড়া এলাকার আরিফুল ইসলামের তিন বছর বয়সী ছেলে পুষ্প।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করে রাস্তাঘাট, উঠান ও বসতবাড়ি প্লাবিত হয়। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু ঘরের পাশে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, বন্যার পানিতে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিশুর পরিবারের পাশাপাশি পাহাড়ধসে নিহত আরও দুইজনের পরিবারকেও নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, টানা বর্ষণ, পাহাড়ধস ও বন্যার পানিতে ভেসে যাওয়ার ঘটনায় কক্সবাজারে গত পাঁচ দিনে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

