23 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জেআইসিতে গুমের মামলায় ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে

জেআইসিতে গুমের মামলায় ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে


বিএনএ, ঢাকা: জেআইসিতে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসে স্থাপিত বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে আজ।

গত ২৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের শুনানির জন্য এই দিন ঠিক করেছিল। শুনানিতে অংশ নিতেই কড়া নিরাপত্তার মধ্যে তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই তিন সেনা কর্মকর্তা হলেন, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী।

শেখ হাসিনার শাসনামলে গুম, খুনের মামলায় গত ২২ অক্টোবর এই তিনজনসহ দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তাদের ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগারে রাখা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় ৮ অক্টোবর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়। শুনানি শেষে সেদিন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুমের অভিযোগে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জন আসামি। জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিকীসহ ১৩ জন আসামি। এদের মধ্যে ১৩ জন গ্রেপ্তার আছেন, বাকিরা পলাতক।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ