28 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - আগস্ট ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিষ্ফোরণে ৬ জন দগ্ধ

রাজধানীতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিষ্ফোরণে ৬ জন দগ্ধ


বিএনএ, ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), মনিরা আক্তার (১৭), সাকিব মিয়া (১৬) ও ইভা (৬) ।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা মেয়ে জামাই আফরান মিয়া জানান, আমার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে আকস্মিক গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটে। এতে আমার শ্বশুরের পরিবারের ছয়জন দগ্ধ হয়। পরে আমরা খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে। তিনি আরও জানান, দগ্ধদের গ্রামের বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ী থানার তালুকপাড়া গ্রামে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আগারগাঁও থেকে নারী ও শিশুসহ ৬জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। তাদের ড্রেসিংয়ের কাজ চলছে। এখনো বলা যাচ্ছে না তাদের কত শতাংশ দগ্ধ হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ