25.8 C
আবহাওয়া
১২:৩১ পূর্বাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » ‘শাপলা কলি’ প্রতীক পেলো এনসিপি

‘শাপলা কলি’ প্রতীক পেলো এনসিপি


বিএনএ, ঢাকা: জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছেন। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জন্য বরাদ্দকৃত প্রতীক হচ্ছে ‘শাপলা কলি’। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন সনদ নেন এনসিপি নেতারা।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানান।

নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, অনেক চড়াই উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে—এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানানো হয়েছে। একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে এক মার্কায় নির্বাচনের জন্য এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান।

নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে বলা হয়েছে। গণভোটের প্রশ্ন যেন সঠিক প্রচার হয়, সেই বিষয়েও ইসিকে সতর্ক করেছে এনসিপি।

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পাওয়ায় পৃথক ফেসবুক পোস্টে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানায় এনসিপি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ