27 C
আবহাওয়া
৬:৫৮ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ


বিএনএ ডেস্ক : আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজউকের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে করা পৃথক দুই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করবেন।

পৃথক দুটি মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়াও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিনসহ রাজউকের তৎকালীন শীর্ষ কর্মকর্তারা এই মামলায় অভিযুক্ত।

দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম ও হাফিজুর রহমান হাফিজ জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের জন্য তারা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন। তারা আশা করছেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের দায়ে আসামিদের সর্বোচ্চ সাজা হবে।

গত ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিক এবং ১৮ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ার পর আদালত রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারিত করেন।

উল্লেখ্য, এর আগে পূর্বাচলের প্লট সংক্রান্ত আরও চারটি পৃথক দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অন্যান্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকের এই রায়ের ওপর ভিত্তি করে তাদের সাজা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ