30 C
আবহাওয়া
১১:৩৪ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৬
Bnanews24.com
Home » বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি


বিএনএ, ঢাকা: সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার থেকে টানা চারদিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকছে। তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা থাকায় কর্মীরা চারদিনের পরিবর্তে একদিন কম ছুটি পাবে।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বুধবার (১ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে।

আগের সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে তিনদিন ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকতো। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে এই মেয়াদ বাড়ানো হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে  অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব নেয়। ওই বছরের অক্টোবরে তারা দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি একদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে।

গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা প্রণয়ন করে। ওই তালিকা অনুযায়ী এ বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচদিন, ঈদুল আজহায় ছয়দিন ও শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ