27 C
আবহাওয়া
১১:৩০ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিদেশে বন্ধু থাকবে, প্রভু মেনে নেব না: জামায়াত আমির

বিদেশে বন্ধু থাকবে, প্রভু মেনে নেব না: জামায়াত আমির


বিএনএ, লক্ষীপুর : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশে আমাদের বন্ধু থাকবে, কিন্তু প্রভু মেনে নেব না। আমাদের কথা পরিষ্কার, আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারও গোলামি মানবো না। কারও চোখ রাঙানোকে ভয় করি না। আমরা ইসলামের পক্ষে কথা বলি, অনেকের কাছে তা ভালো লাগে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সকালে সূর্য দেখলে যেমন দিন কেমন যাবে বোঝা যায়, তেমনি ভোটের আগের পরিবেশ দেখলেও বোঝা যায় নির্বাচনের ফল কী হতে পারে। দেশবাসী দেখছে আমাদের ঢাকার রাজপথের সৈনিক ওসান হাদিকে হত্যা করা হয়েছে। দুই দিন আগে শেরপুরে রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করে কারও গতিরোধ থামানো যাবে না।

জুলাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, সেদিনই জুলাই চূড়ান্ত হয়েছে। মেয়েদের গায়ে হাত দেওয়া কেউ মেনে নেয়নি। হাতুড়ি বাহিনী, লাঠিয়াল বাহিনী সবই সেদিন ব্যর্থ হয়েছিল। এখন আবার যারা মেয়েদের গায়ে হাত দিচ্ছে, তারা নিজেরাই নিজেদের কবর রচনা করছে। মেয়েদের গায়ে হাত দেবেন না। নিজের মাকে সম্মান করলে দেশের সব মাকেই সম্মান করা হবে। যারা নিজের মাকে সম্মান করতে জানে না, তারা দেশের কোনো নারীকে সম্মান করতে পারবে না।

তিনি বলেন, নারীরা এখন নিজেদের নিরাপত্তার জন্য দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছে। কেউ বাধা দিলে চোখে চোখ রেখে বলবেন ‘১২ তারিখে দেখা যাবে’। ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

সভা শেষে তিনি ১১ দলের প্রার্থী লক্ষ্মীপুর-(১) রামগঞ্জ আসনে শাপলা কলি প্রতীকের মাহবুব আলম, লক্ষ্মীপুর-(২) রায়পুর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মাস্টার রুহুল আমিন, লক্ষ্মীপুর-(৩) সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ডা. রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-(৪) রামগতি-কমলনগর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এ আর হাফিজ উল্লাহর হাতে প্রতীক তুলে দিয়ে জামায়াতের পরিচয় করিয়ে দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ