বিএনএ, হাটহাজারী: চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এক ব্যবসায়ীর প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। হামলাকারীদের ছোড়া গুলি গাড়ির পেছনের অংশে আঘাত করাতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রাইভেটকারে থাকা ব্যবসায়ী শহীদুল্লাহ রনি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
শহীদুল্লাহ রনির গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি একটি আবাসন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এছাড়া তার ইটভাটাসহ আরও কয়েকটি ব্যবসা রয়েছে। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদকও তিনি।
শহীদুল্লাহ রনি গনমাধ্যমকে জানান, ‘নগরের আমান বাজার এলাকার বাসা থেকে নিজে প্রাইভেটকার চালিয়ে তিনি গ্রামের বাড়ি রাউজান পৌরসভা এলাকায় যাচ্ছিলেন। হাটহাজারীর ইছাপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত তার গাড়ি গতিরোধ করে প্রথমে ইট নিক্ষেপ করে। ইট নিক্ষেপের পরপরই পরিস্থিতি বুঝতে পেরে গাড়ির লাইট বন্ধ করে দেন। এরপর হামলাকারীরা ধারণা করে তিনি গাড়ির পেছনের আসনে বসে আছেন। সেই ধারণা থেকে তারা পরপর তিনটি গুলি গাড়ির পেছনের অংশ লক্ষ্য করে ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ কারণে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলি তিনটি গাড়ির এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে।’
শহীদুল্লাহ রনি আরও বলেন, হামলাকারীদের তিনি চিনতে পারেননি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে হাটহাজারী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
বিএনএ/শাম্মী
![]()

