32 C
আবহাওয়া
২:২৮ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা: সরকার বাংলাদেশকে একটি শক্তিশালী বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাস করে। বাংলাদেশ যেমন তার স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষা করবে তেমনি আঞ্চলিক সহযোগীদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা নিশ্চিত করছে এবং সবার জন্য আইনের শাসন সমানভাবে নিশ্চিত করছে।’ এছাড়া প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ডসহ অন্যান্য কার্ডের সমন্বয়ে একটি ইউনিভার্সেল কার্ড প্রত্যেক নাগরিককে দিতে চায়। এছাড়া শিশুদের জন্য আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে চাই। শুধু সার্টিফিকেটের জন্য নয়। এর জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড ডে মিলসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘শক্তিশালী গ্রামীণ অর্থনীতিতে সরকার গুরুত্ব দিচ্ছে। কারণ শক্তিশালী গ্রামীণ অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে।’

সম্মেলনের উদ্বোধনী সেশনে আরও উপস্থিত ছিলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ