বিএনএ, ঢাকা: অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সে হিসাবে তার ৬৭ বছর পূর্ণ হতে যাচ্ছে আজ ২৭ ডিসেম্বর।
প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বিচার বিভাগের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেন। সেই অনুযায়ী বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন এবং বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দ রেফাত আহমেদ যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণিতে ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গেও কাজ করেছেন।
বিএনএ/ ওজি
![]()

