27 C
আবহাওয়া
১১:৫৬ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » লালবাগে ব্যাংক কর্মকর্তার গলা কাটা লাশ উদ্ধার

লালবাগে ব্যাংক কর্মকর্তার গলা কাটা লাশ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর লালবাগের একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আরএনডি রোডের জমজম টাওয়ারের ৬ষ্ঠ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নজরুলের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই মো. শহিদুল ইসলাম জানান, সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা ওই বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এটা হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে ।

নিহতের ভাই নুরুল ইসলামের অভিযোগ, ‘তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় ভাইয়ের স্ত্রী ও শাশুড়ি জড়িত।’ অপরদিকে পরিবার থেকে জানায় নজরুল ইসলাম বটি দিয়ে নিজের গলায় আঘাত করেছেন।

উল্লেখ্য, নিহত নজরুল ইসলাম খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইমামগঞ্জ শাখায় হিসাব কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। লালবাগের ওই বাসায় স্ত্রী, শাশুড়ি, বৃদ্ধা মা ও দুই সন্তানসহ বসবাস করতেন।

বিএনএ, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ