বিএনএ ডেস্ক: মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
আজ সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনে ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা এবং লেখক শাহরিয়ার কবীরের নাম রয়েছে।
বর্তমানে এ মামলায় গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সমাবেশে দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্তর খালি করে। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে।
বিএনএ/শাম্মী
![]()

