16 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৬
Bnanews24.com
Home » সাড়ে ৬ লাখ ছাড়ালো প্রবাসী ভোটার নিবন্ধন

সাড়ে ৬ লাখ ছাড়ালো প্রবাসী ভোটার নিবন্ধন


বিএনএ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত নিবন্ধন করেছেন মোট ৬ লাখ ৭২ হাজার ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ২১ হাজার ৮০০ জন এবং নারী ভোটার ৫০ হাজার ২১০ জন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে (আজ ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা পর্যন্ত) এ সংখ্যা জানা গেছে।

এবারই প্রথম তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। তবে দেশের ভেতর থেকে যারা নিবন্ধন করবেন, তাদের জন্য সময় কিছুটা বাড়তে পারে।

যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব।

ইসি সূত্র জানা যায়, নিবন্ধন সম্পন্নকারী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ