বিএনএ ডেস্ক: ২০০৪ সালের ১ এপ্রিল, চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের পর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর ঠিক এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন।
সেদিন গভীর বঙ্গোপসাগর থেকে ট্রলারে করে আসা সেই অস্ত্রের নেপথ্য ‘শত্রুদের’ খুঁজতে লেগে গিয়েছিল বছরের পর বছর। কিন্তু কে জানত, ঠিক ২২ বছর পর—২০২৬ সালের নভেম্বরে এসে বঙ্গোপসাগরের বুকে আবারও ফিরবে সেই পুরোনো বারুদের গন্ধ!
চীন থেকে ছেড়ে আসা একটি রহস্যময় জাহাজ, যার ট্র্যাকিং সিস্টেমে গন্তব্য লেখা ছিল বাংলাদেশের মোংলা বন্দর—সেই জাহাজ থেকে ইন্দোনেশিয়ার নৌবাহিনী জব্দ করেছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, যা দিয়ে তৈরি হতে পারত অন্তত ১০০টি দুরপাল্লার ভয়ংকর ক্ষেপণাস্ত্র! সাথে ছিল কয়েক লাখ অনিবন্ধিত ফোরজি সিম কার্ড।
প্রশ্ন হলো—মোংলা কাস্টমসের খাতায় যার কোনো নামই নেই, সেই জাহাজ কেন মোংলার নাম ব্যবহার করছিল? তবে কি ২০০৪ সালের সেই ট্রানজিট রুটেই আবারও কোনো সশস্ত্র গোষ্ঠী বা ‘নতুন কোনো শত্রুর’ জন্য আসছিল এই ভয়ংকর বিস্ফোরক? আজকের প্রতিবেদনে সেই রহস্যের জট খোলার চেষ্টা করব।
ঘটনার শুরু ২০২৬ সালের ৭ নভেম্বর। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় নিয়মিত টহল দিচ্ছিল ইন্দোনেশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’। টহল দলটি দেখতে পায়, কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের একটি পণ্যবাহী জাহাজ নির্ধারিত নৌপথ ছেড়ে অস্বাভাবিক গতিবিধি করছে এবং অঘোষিতভাবে নোঙর ফেলেছে। রেডিওতে বারবার সংকেত দেওয়া হলেও জাহাজটি কোনো সাড়া দেয়নি।
জাহাজটি চীনের জিয়াংসু প্রদেশের লিয়ানইউনগাং বন্দর থেকে ছেড়ে এসেছিল। আন্তর্জাতিক মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেলফাইন্ডার’ ও ‘মেরিনট্রাফিক’-এর এআইএস ডেটা অনুযায়ী, জাহাজটির পরবর্তী গন্তব্য ছিল বাংলাদেশের মোংলা বন্দর।
কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রহস্য। মোংলা কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সার্ভারে ‘এমভি স্টার লাইন’ জাহাজের কোনো ‘ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট’ বা আইজিএম জমা পড়েনি। নিয়ম অনুযায়ী, জাহাজ ছাড়ার পর স্থানীয় শিপিং এজেন্টের এই নথি জমা দেওয়ার কথা, কিন্তু মোংলা বা চট্টগ্রাম—কোনো বন্দরেই কোনো এজেন্ট এর দায়িত্ব নেয়নি।
আরও চমকপ্রদ তথ্য হলো, এনবিআরের গত ২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমদানির হিসাব বলছে, বাংলাদেশে ২০ জন বৈধ আমদানিকারক ৫০টি চালানে মোট সোডিয়াম পারক্লোরেট এনেছেন মাত্র ৬৮৫ কেজি! যেখানে ১৭ বছরে পুরো দেশে এসেছে মাত্র ৬৮৫ কেজি, সেখানে এক জাহাজেই ৪ লাখ ৫ হাজার কেজি বা ৪০৫ টন কারা এবং কেন আনছিল—তার কোনো বৈধ নথি নেই।
এই নথিপত্রহীন চালান এবং সমুদ্রপথের এই রহস্য আমাদের ফিরিয়ে নিয়ে যায় ২২ বছর পেছনে, ২০০৪ সালের পহেলা এপ্রিলের সেই রাতে। সেদিন গভীর রাতে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে সরকারি সার কারখানা সিইউএফএল জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে ১০টি ট্রাকে অস্ত্র খালাসের সময় পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালায়।
জব্দ করা হয়েছিল ৪ হাজার ৯৩০টি আগ্নেয়াস্ত্র, ২৭ হাজারের বেশি গ্রেনেড, রকেট লঞ্চার এবং ১১ লাখের বেশি গুলি। তদন্তে বেরিয়ে আসে, চীনের সমরাস্ত্র কারখানা থেকে একটি বড় জাহাজে বা মাদার ভেসেলে করে অস্ত্রগুলো বঙ্গোপসাগরে আনা হয়েছিল এবং গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে খালাস করে উপকূলে নিয়ে আসা হয়। রহস্যজনকভাবে মূল সেই মাদার ভেসেলটির হদিস আর কখনোই পাওয়া যায়নি। আর পুরো চালানটি বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘উলফা’-র কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।
এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি সামনে আসে—২০০৪ সালের দশ ট্রাক অস্ত্রের চালানটি যেমন বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘উলফা’-র কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ২০২৬ সালে ইন্দোনেশিয়ায় আটক হওয়া ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ও লাখ লাখ মোবাইল সিম কোন বিচ্ছিন্নতাবাদী বা সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর কাছে যাচ্ছিল?
তবে কি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো সশস্ত্র গোষ্ঠীর নাশকতা বা দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণের রসদ জোগাতেই বঙ্গোপসাগরের এই সমুদ্রপথ ব্যবহারের ছক কষা হয়েছিল—নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র?
নিরাপত্তা বিশ্লেষক ও গোয়েন্দা সূত্রগুলো এই দুই ঘটনার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যোগসূত্রের দিকে ইঙ্গিত করছেন:
প্রথমত, দুটি চালানই এসেছে চীন থেকে, এবং দুটি ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে দক্ষিণ চীন সাগর হয়ে মালাক্কা প্রণালী ও বঙ্গোপসাগরের সমুদ্রপথ।
দ্বিতীয়ত, নিরাপত্তা বিশ্লেষকরা প্রাথমিকভাবে মনে করছেন, ২০০৪ সালে যেমন মূল জাহাজের হদিস গোপন রেখে গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে করে ১০ ট্রাক অস্ত্র উপকূলে আনা হয়েছিল, ৪০৫ টন বিস্ফোরকের ক্ষেত্রেও হয়তো একই পদ্ধতি অনুসরণ করার পরিকল্পনা ছিল। কারণ, ‘এমভি স্টার লাইন’ জাহাজটির নিবন্ধন ‘স্থগিত’ অবস্থায় ছিল।
তৃতীয়ত, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের সাথে ৫৪টি প্যালেটে থাকা লাখ লাখ খালি ফোরজি সিম কার্ডের উপস্থিতি গোয়েন্দাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে। কারণ, খালি সিম কার্ড প্রোগ্রাম করে বেনামি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি, সিম ক্লোনিং, কিংবা দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক হামলায় ব্যবহারের ঝুঁকি থাকে।
তবে বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন হলো—যদি এই জাহাজটি সত্যিই মোংলা বন্দরের অভিমুখে রওনা হয়ে থাকে, তবে গভীর সমুদ্রে ট্রলারে করে এই বিশাল চালান রিসিভ করার জন্য দেশের ভেতরে বা উপকূলে কারা অপেক্ষায় ছিল? আর যদি মোংলার নাম কেবল ছদ্মবেশ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, তবে কারা বাংলাদেশের সমুদ্রসীমা ব্যবহার করে আন্তর্জাতিক চোরাচালানের রুট তৈরি করতে চাইছে?
২০০৪ সালের পহেলা এপ্রিলের দশ ট্রাক অস্ত্রের চালান আমাদের শিখিয়েছে, সমুদ্রপথের সামান্য নজরদারির ঘাটতি কত বড় আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। ইন্দোনেশিয়ার এই তদন্ত শেষ হলেই হয়তো বেরিয়ে আসবে ৪০৫ টন বিস্ফোরক ও লাখো সিম কার্ডের প্রকৃত মালিক কে! কেনই বা বাংলাদেশে গন্তব্য ছিল কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ জাহাটির?
বিএনএ/সাকিব
![]()

