33 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - মে ২৩, ২০২৬
Bnanews24.com
Home » হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় খোবাইব (২০) নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

শনিবার (২৩ মে) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে খোবাইব নামের এক তরুণ নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর মামলা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ