28 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - অক্টোবর ২৪, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা


বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ায় আবদুল হক (৪৫) নামে এক অটোরিকশা চালককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারের পাশের সড়কে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আবদুল হক ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে পাঠাননগর বাজারে যাওয়ার কথা বলে আবদুল হকের ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া নেয়। পরে বাংলা বাজারের পাশের সড়কে পৌঁছালে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের জানান, পথচারীরা আহত আবদুল হককে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে থানার এএসআই জেকসন বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের মাথা এবং শরীরে বিভিন্ন স্হানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যাত্রীবেশে আসা দুর্বৃত্তরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুল মজিদ জোটন জানান, কয়েক মাস আগে আবদুল হক কিস্তিতে ব্যাটারিচালিত অটোরিকশাটি কিনেছিলেন। নিজেই সেটি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন তিনি।

মৃত্যুকালে আবদুল হক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যদের রেখে গেছেন।

বিএনএ/ আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/ মুন্না।

Loading


শিরোনাম বিএনএ