বিএনএ, ঢাকা: প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই নির্বাচন ব্যবস্থা নিয়ে সিইসি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কমিশনকে। একাধিক সাইবার অ্যাটাক মোকাবিলা করে সিস্টেমটিকে সুরক্ষিত রাখা হয়েছে।
নিরাপত্তা ও জনমনে আস্থা ফিরাতে সিইসি বলেন, সাম্প্রতিক “হাদি ইস্যু” নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে। ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন বদ্ধপরিকর এবং এবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের হারানো আস্থা পুনরায় ফিরে আসবে বলেও জানান সিইসি।
বিএনএ/শাম্মী
![]()
