বিএনএ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। একই সঙ্গে ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মঙ্গলবার (২০ জানুয়ারী) ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, চরমপন্থি ও উগ্রপন্থি গোষ্ঠীর হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপটি বেশ কিছুদিন ধরেই বিবেচনায় ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাইকমিশন ও চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের সহকারী হাইকমিশনগুলো খোলা থাকবে এবং পূর্ণ জনবল নিয়ে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে কর্মকর্তারা ।
তবে, কূটনীতিকদের পরিবার কবে নাগাদ ভারতে ফিরবে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশে কতজন ভারতীয় কূটনীতিক কর্মরত আছেন, সেটিও প্রকাশ করা হয়নি নিরাপত্তাজনিত কারণে।
বিএনএ/শাম্মী
![]()

