বিএনএ, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক নারী বন্দি দেয়াল টপকে পালিয়েছেন। এ ঘটনায় তিন জন মেট্রন ও পাঁচ জন নারী কারারক্ষীসহ মোট সাত জনকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া সাত জন হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
আজ শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল ফরহাদ। তিনি বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে শুক্রবার তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কারাগারের ভেতরে মোছা. রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি টের পেয়ে কারা কর্তৃপক্ষ দ্রুত কারাগারের বিভিন্ন অংশে একাধিকবার তল্লাশি চালায়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন।
কারা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকিতে অবহেলোর সুযোগ নিয়ে বন্দি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, ‘কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে গেছেন। এ ঘটনায় নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে কোনাবাড়ী থানায় একটি মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা ওই নারীকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বিএনএ/শাম্মী
![]()

