বিএনএ,ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
সরকারের এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
আজকের দিনের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ১২টার দিকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো সচিবালয় এলাকা কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে এবং সেনাবাহিনী, র্যাব ও পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। একই সঙ্গে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন।
বিএনএ/ওজি
![]()

