বিএনএ, বিশ্বডেস্ক : মালয়েশিয়ার সাবাহ রাজ্যে টানা বর্ষণের পর ভয়াবহ ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রাজধানী কোটাকিনাবালুসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যখন কোটাকিনাবালুর উপকণ্ঠে একটি অস্থায়ী বসতিতে ভূমিধস ধসে পড়ে। এতে চার শিশুসহ আটজন নিহত হন। একই দিনে গানা এলাকায় আরেকটি ভূমিধসে প্রাণ যায় তিনজনের, যাদের মধ্যে একজন ১০ বছর বয়সী শিশুও রয়েছে। এছাড়া গত সপ্তাহে পেনামপাং এলাকায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ কাদায় চাপা পড়ে মারা যান।
উত্তর-পূর্ব বোর্নিওর সাবাহ অঞ্চল গত ১০ দিন ধরে টানা বর্ষণে প্লাবিত। এতে ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি জরুরি সংস্থাগুলোকে উদ্ধারকাজে সহায়তার নির্দেশ দিয়েছেন।
সাবাহ সরকার এ পরিস্থিতিতে মালয়েশিয়া দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে। যদিও বৃষ্টি কমে পানি নামতে শুরু করেছে, তবে স্থানীয়রা নতুন করে বর্ষণ হলে আরও বিপর্যয়ের আশঙ্কা করছেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

