বিএনএ, ঢাকা:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থা নিরসনে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। এই প্রস্তাবে বলা হয়েছে, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারলে হরমুজ প্রণালীর ওমান অংশে থাকা আন্তর্জাতিক জলসীমা দিয়ে জাহাজগুলো কোনো ধরনের আক্রমণের ঝুঁকি ছাড়াই অবাধে চলাচল করতে পারবে।
বুধবার (১৫ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায় ।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে নজিরবিহীন বিপর্যয় সৃষ্টি করেছে। বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগরের ভেতরে কয়েক শ বাণিজ্যিক জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন।
গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে। ইরানের পক্ষ থেকে আসা এই নতুন প্রস্তাবে বলা হয়েছে, তেহরান সংকীর্ণ এই প্রণালীর ওমান অংশে জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। তবে এই সুযোগ দেয়ার বিনিময়ে ওয়াশিংটনকে ইরানের দাবিগুলো মেনে নিতে হবে বলে শর্ত জুড়ে দেয়া হয়েছে।
মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত এই প্রণালীটি মধ্যপ্রাচ্যের জ্বালানি ও সারসহ বিভিন্ন জরুরি পণ্য বিশ্ববাজারে পৌঁছানোর প্রধান রুট। এর আগে ইরান এই আন্তর্জাতিক জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর শুল্ক আরোপ এবং প্রণালীর ওপর একতরফা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়েছিল, যা আন্তর্জাতিক নৌ-কনভেনশনের বিরোধী হিসেবে দেখছিল বিশ্ব সম্প্রদায়।
বিএনএ/ ওজি
![]()

