18 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে


বিএনএ ডেস্ক: শনিবার (১৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন । ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই গণভোটে প্রশ্ন নির্ধারণ, ভোটগ্রহণের সময়সূচি, রিটার্নিং কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, ভোটদান পদ্ধতি, ফলাফল প্রকাশসহ সার্বিক দিকনির্দেশনা দিয়ে ইসি এ পরিপত্র জারি করেছে।

পরিপত্রে জানানো হয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, উভয় ব্যালট একই বাক্সে ফেলবেন। জাতীয় নির্বাচনের ব্যালট সাদা রঙের হলেও গণনার সুবিধার্থে গণভোটের ব্যালট গোলাপি রঙের করা হয়েছে।

গণভোটের মূল প্রশ্নে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর প্রতি ভোটারদের সম্মতি চাওয়া হবে।

নির্বাচন কমিশন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারাই গণভোট পরিচালনার দায়িত্ব পালন করবেন। একই ভোটকেন্দ্র ও একই ভোটার তালিকা ব্যবহার করে উভয় ভোট গ্রহণ করা হবে।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ