28 C
আবহাওয়া
৬:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুস্থ পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।

তিনি বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। গত চার দশকে যেসব দেশ তাদের জনগণের পুষ্টি নিশ্চিত করতে পেরেছে, সেসব দেশের মানুষের শারীরিক সক্ষমতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সরকার একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে আসে।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাত এখন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।

তিনি এ খাতের উন্নয়নে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে দেশের খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। এছাড়া প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ ও বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছে এবং উর্বর ডিম রপ্তানিও শুরু করেছে।

ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা রোগবালাই। বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ সক্ষমতা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

পোষা প্রাণীর অধিকার ও কল্যাণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তি, ব্যথা ও আঘাত থেকে সুরক্ষা দেওয়া এবং স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তাদের ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখতে হবে।

পশু পাখির ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক সময় মানুষ অকারণে পশুপাখির ওপর নির্যাতন করে। এ ধরনের আচরণ বন্ধে পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। প্রাণীদের যত্ন নিতে না পারলেও তাদের যেন কষ্ট দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা তৈরি করতে পারলে এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ