বিএনএ, ঢাকা: কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ওরফে ডরিনকে (২৪) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ডরিনকে আটক করে।
আজ ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ডরিনকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
উল্লেখ্য, ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তিনি লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে পুলিশ বলেছিল, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছিলেন। বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চেয়ে তখন ডরিনকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছিল ।
বিএনএ/শাম্মী
![]()

