বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানে ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা দেবে চীন। শাজারাহ স্কুলে হওয়া হামলায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই সহযোগিতার কথা জানানো হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন,‘স্কুলে হামলা এবং বেসামরিক মানুষের ক্ষতি আন্তর্জাতিক মানবিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন এবং মানবতা ও মানব বিবেকের মৌলিক সীমা অতিক্রম করেছে।’
মুখপাত্র আরও জানান, চীনের রেড ক্রস সোসাইটি ইরানে নিহতদের পরিবারকে সহায়তা দিতে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫০ জন স্কুলছাত্রী নিহত হয়। ওই দিন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে।
জানা গেছে, ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন। সাম্প্রতিক এ আগ্রাসনে দেশটিতে আরও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
বিএনএ/ ওজি
![]()

