বিএনএ, ঢাকা : বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্ম।
সেখান থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ দেওয়ার কাজ করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশগামী বাংলাদেশি নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় বলছে, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এ সেবার ফলে ব্যাপকভাবে সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে। গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি অসাধু চক্র ‘অ্যাপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে এ সেবার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ উদ্দেশ্যে তারা সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করছে। এরই মধ্যে এমন দুটি জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যার সংশ্লিষ্ট লিংক হলো https://apostillemygovbd.news/.application-details/.7020251029 ও https://apostille-mygovbd.com/।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

