বিএনএ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের আভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রামের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে জানান, প্রশাসনিক কিছু বিষয়ে জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। অভিযোগটি খতিয়ে দেখতে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে কমিটি।
তিনি জানান, তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম বলেন, জব্দ করা ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে প্রতিবেদন দেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাহাংগীর আলমের ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তাকে ডাকার পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি অফিস করছেন। তবে পুলিশের নজরদারিতে রয়েছেন।
জাহাংগীর আলমের দুটি মোবাইল ফোন পুলিশের হেফাজতে থাকায় এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন।
বিএনএ/শাম্মী
![]()

