বিএনএ, ঢাকা : ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা আছে কিনা, এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।”
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি সেখানে আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঈদের আগে ও পরে সাত দিন করে মোট ১৪ দিন এই সেল সার্বক্ষণিক কার্যকর থাকবে। পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বর চালু থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার সারাদেশে চার হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি হাট থাকবে। প্রতিটি হাটে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা এবং জালনোট শনাক্তে ব্যাংকের বুথ ও মেশিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানান মন্ত্রী।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

