বিএনএ ডেস্ক: কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মানবিক প্রচেষ্টা জোরদার করার জন্য কাতারের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাজ্য গর্বিত। এই যৌথ সহায়তা কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহায়তার মাধ্যমে শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ করা হবে। এর ফলে রান্নার জন্য জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমবে, যা স্থানীয় পরিবেশে বন উজাড় কমাতে সহায়তা করবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’ এলপিজি সরবরাহের ফলে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার পর থেকে কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থলে পরিণত হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()
