30 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দু’দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

দু’দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন


বিএনএ ডেস্ক: দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার মাত্র দু’দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।

গতকাল বুধবার (৭ অক্টোবর) রাতে কারখানার বয়লার প্ল্যান্টে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে গত সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে পরীক্ষামূলকভাবে সার উৎপাদন শুরু হয়েছিল। তবে দীর্ঘ সময় কারখানা অচল থাকায় বুধবার রাতে বয়লার প্ল্যান্টে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়।

উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, বয়লার প্ল্যান্টের ত্রুটি মেরামতে প্রকৌশলীরা দ্রুত কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী দুই দিনের মধ্যেই ত্রুটি সারিয়ে কারখানাটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য গ্যাস সংকট ও নানা কারিগরি জটিলতায় ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এরপর গ্যাস সরবরাহ কিছুটা বাড়লে উৎপাদন শুরু হলেও চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাসের তীব্র সংকটে আবারও কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আট মাস পর গত ২০ সেপ্টেম্বর পুনরায় গ্যাস সংযোগ দেওয়া হয়। এরপর কারিগরি প্রস্তুতি শেষে সোমবার ভোররাতে উৎপাদনে ফিরেছিলো কারখানাটি।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ