28 C
আবহাওয়া
১:১৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » বিদেশি বিনিয়োগে দেশে প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শুরু

বিদেশি বিনিয়োগে দেশে প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শুরু


বিএনএ, চট্টগ্রাম: বিদেশি বিনিয়োগে দেশের প্রথম কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চরে । গত রোববার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‌‘সরকারের এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে চট্টগ্রামের লালদিয়ায় এপি মুলারের টার্মিনাল নির্মাণ বড় মাইলফলক। চট্টগ্রাম শুধু বাংলাদেশের নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি লজিস্টিক হাব হয়ে উঠবে।’

এই টার্মিনাল নির্মাণে ডেনমার্কের মায়ের্সক গ্রুপের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস ৭৬ কোটি ডলার বিনিয়োগ করছে। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৯ কিলোমিটার ভাটিতে কর্ণফুলী নদীর ডান তীরে লালদিয়া চর এলাকায় এই টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মোট জায়গা ৪৯ দশমিক ১৫ একর। নকশা প্রণয়নের পর এবার শুরু হলো নির্মাণকাজ।

সাগর থেকে কর্ণফুলী নদীর উজানে চট্টগ্রাম বন্দরের মূল টার্মিনালগুলোতে যেতে জাহাজকে তিনটি বাঁক অতিক্রম করতে হয়। এর মধ্যে গুপ্ত বাঁক সবচেয়ে ঝুঁকিপূর্ণ। লালদিয়ার অবস্থান এই বাঁকের আগে, সাগর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে। তাই বড় জাহাজ ভেড়ানোয় লালদিয়া টার্মিনালের বড় সুবিধা এর অবস্থান। ৬১৩ মিটার দীর্ঘ জেটিতে একসঙ্গে ৩টি তুলনামূলক ছোট জাহাজ অথবা দুটি বড় জাহাজ ভেড়ানোর সুযোগ থাকবে। নৌপথের অবস্থানের কারণে রাতেও জাহাজ চলাচলের সুবিধা বাড়বে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

প্রকল্পটি ডিজাইন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তর (ডিবিএফওটি) ভিত্তিক গ্রিনফিল্ড প্রকল্প হিসেবে বাস্তবায়িত হচ্ছে। চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩৩ বছর। এর মধ্যে নির্মাণকাল তিন বছর এবং পরিচালনাকাল ৩০ বছর।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়ত হামিম গনমাধ্যমকে বলেন, ‘এটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের পঞ্চম কনটেইনার টার্মিনাল। এর আগে চট্টগ্রাম বন্দর আরও চারটি কনটেইনার টার্মিনাল নির্মাণ করেছে। নতুন এই কনটেইনার টার্মিনাল তৈরির মধ্য দিয়ে অর্থনীতির নতুন এক মাইলফলক তৈরি হবে।’

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ